বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম উত্তর জেলা পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফটিকছড়ির বাগানবাজারের কৃতী ছাত্রনেতা শরীফ চৌধুরী। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে এই পদপ্রাপ্তিকে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
জানা যায়, বাগানবাজারের একটি বিএনপি-সমর্থক পরিবারে বেড়ে ওঠা শরীফ চৌধুরীর রাজনৈতিক পথচলা শুরু হয় ২০১২ সালে। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী মতের ওপর দমন-পীড়নের প্রতিবাদ থেকেই তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে ভূমিকা পালন করেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শরীফ চৌধুরী একাধিকবার হামলা, মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। এমনকি রাজনৈতিক কারণে তার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এসব বাধা উপেক্ষা করে তিনি রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন।
তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে ২০২০ সালে তিনি ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। এরপর থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার পর শরীফ চৌধুরী বলেন-
“২০১২ সালে যখন মানুষের বাকস্বাধীনতা সংকুচিত হয়ে আসছিল, তখন থেকেই স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হয়েছি। হামলা-মামলা, নির্যাতন ও ভাঙচুরের শিকার হয়েও রাজপথ ছাড়িনি।”
তিনি আরও বলেন-
“৫ আগস্টের রাজনৈতিক বাস্তবতা আমাদের শিক্ষা দেয় যে জনগণের সমর্থন ছাড়া কোনো নেতৃত্ব টিকে থাকতে পারে না। তাই রাজনীতিতে মানবিকতা, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং ত্যাগের মূল্যায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
শরীফ চৌধুরীর এই পদপ্রাপ্তিতে বাগানবাজার ইউনিয়ন, ফটিকছড়ি উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!