মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
অপরাধ ২৭ জুন ২০২৬

সাত্তার মেম্বারের চাচীকে মাদকাসক্তরা কুপিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই, ৪ ঘণ্টা পর উদ্ধার; আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাগানবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড বটটিলা এলাকায় সাত্তার মেম্বারের চাচী ও দুবাই প্রবাসী সাদ্দামের মাকে কুপিয়ে স্বর্ণালংকার ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রায় ৪ ঘণ্টা পর তাকে উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।

আহত ওই নারীর বয়স প্রায় ৭৫ বছর। তিনি বাগানবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য সাত্তার মেম্বারের চাচী এবং দুবাই প্রবাসী সাদ্দামের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি লালমাই পশ্চিমপাড়ায় অবস্থিত তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে একা রওনা দেন। পথে বটটিলা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তার গলায় ও শরীরে থাকা স্বর্ণালংকার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, ভোর পর্যন্ত আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের অভিযোগ, বটটিলা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও জুয়ায় আসক্ত কিছু যুবকের আড্ডা বসে এবং রাতের বেলায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এলাকাবাসীর ধারণা, হামলাকারীদের চিনে ফেলায় তাকে হত্যার উদ্দেশ্যেও হামলা চালানো হয়ে থাকতে পারে।

এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!